সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। খবর পেয়ে টানা এক ঘণ্টা চেষ্টার পর তাকে ঘর থেকে উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নলতা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটিয়েছেন উপজেলার নলতা ইউনিয়নের ইসাপুর গ্রামের এক যুবক। তিনি জানান, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি এখন অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এজন্যই অভিমানে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পেরে তার বাড়িতে পৌঁছাই। ছেলেটি কোনও ভাবেই ঘর থেকে বের হবে না, কোনও কথাই শুনবে না। বাইরে থেকে টানা এক ঘণ্টা বোঝানোর পর তিনি দরজা খুলতে সম্মত হয়। তিনি অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।