সেন্টমার্টিনে অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর এলাকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় এলাকায় বাংলাদেশি ১টি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয় কিন্ত বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে একটি হলুদ রং এর প্লাস্টিকের বস্তা থেকে একুশ হাজার পিস ইয়াবাসহ ৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করে।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ফিশিং বোট এবং আটককৃত ৭ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।