মুরগি চুরির অভিযোগ এনে দুই যুবককে মারধর করার ভিডিও ভাইরালের পর গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রাশেদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আটক রাশেদুল ইসলাম ওই ইউনিয়নের বিকেবাড়ি দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। তবে এ ঘটনার পর থেকেই চুরির অভিযোগে মারধরের শিকার ওই যুবকের সন্ধান না পাওয়ায় তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত রাশিদুল ইসলামকে আটক করা হয়।
জয়দেবপুর থানার ওসি মাহতাবউদ্দিন বলেন, মুরগি চুরির অভিযোগ এনে সালিশবৈঠকে এক যুবককে নির্যাতনের ভিডিও ধারণ করায় জুয়েল রানা নামে আরেক যুবককেও মারধর করেন ইউপি মেম্বার রাশেদুল ইসলাম। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়।
পরে ভুক্তভোগী জুয়েল রানা থানায় লিখিত অভিযোগ করলে ওই ইউপি সদস্যকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে গ্রেফতার রাশেদুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
এ বিষয়ে মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মুসল্লি বলেন, মঙ্গলবার রাতে রাশেদুল ইসলামের আটকের খবর পেয়েছি। আইন সবার জন্য সমান। অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি তিনি ভোগ করবেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই বিকেবাড়ি (সিটপাড়া) এলাকার একটি মসজিদের খোলা মাঠে এক যুবককে মুরগি চুরির অভিযোগে এলোপাতাড়ি মারধর করেন ইউপি মেম্বার রাশেদুল ইসলাম। ওই মারধরের ভিডিও উপস্থিত যুবক জুয়েল রানা মোবাইলে ধারণ করায় ইউপি সদস্য রাশেদুল তাকেও লাঠি দিয়ে মারপিট করেন। সেদিনের ঘটনার ওই ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।