শেরপুর: “জ্বালানি তেলের দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে দেশের যে অবস্থা আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি।” শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল।

আজ (১২ আগস্ট) শুক্রবার বিকেলে জ্বালানি তেল, পরিবহনখাতের ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে শহরের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে শহরের রঘুনাথবাজার এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল বলেন, জ্বালানি তেলের দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে দেশের যে অবস্থা আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। দেশে আইনের শাসন নেই। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই উর্ধ্বগতির চাপে ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থায় আমাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।
এর আগে জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল করে রঘুনাথবাজার এলাকায় জড়ো হন। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।