রাজশাহীতে ডিম ও কেরোসিনের মূল্য বেশি নেওয়া এবং মাংস ও গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি জানান, নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে সকালে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালানোর সময় ডিম ও কেরোসিনের মূল্য বেশি নেওয়ায় মুদি দোকান কামরুল স্টোরকে ৮ হাজার টাকা, গ্যাস সিলিন্ডারের মূল্য প্রদর্শন না করায় রাফি ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং মাংসের মূল্য প্রদর্শন না করায় রাদিয়া মাংস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।