অনিবন্ধিত ওষুধ মজুত, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভার এলাকার পৃথক দুইটি ওষুধ ফার্মেসিকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
সোমবার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক (সিও) ডিআইজি মোজাম্মেল হক।
তিনি বলেন, র্যাব-৪ এর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ও পরিদর্শক কামরুল হাসানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় ও ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার এলাকায় অনিবন্ধিত ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে হাজী ফার্মেসি’র ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদকে ২ লাখ টাকা ও মোহাম্মদ বিন ফার্মা’র মালিক মো. মাদুদুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনিবন্ধিত ওষুধ মজুত, সংরক্ষণ ও বিক্রিকারীদের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।