চট্টগ্রাম নগরীর বহদ্দার এলাকা থেকে ছয় মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তৌহিদ চট্টগ্রামের সাতকানিয়া থানার কেওচিয়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকা থেকে ছয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তৌহিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম, চুরি এবং হত্যার হুমকি দেওয়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযোগে ছয়টি মামলা রয়েছে। তৌহিদ সাতকানিয়া এলাকায় হত্যার হুমকি, অস্ত্র, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপকর্মের মূলহোতা ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদ এসব অপরাধের কথা স্বীকার করেছেন।
শুক্রবার বিকেলে তাকে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।