বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফেসিলিটিস বিভাগের প্রধান সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসার পেছন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারী তার বাসার গৃহকর্মী বলে জানা গেছে। তার নাম সাহিদা (২৫)।
রোববার রাত দেড়টার দিকে রাজধানীর ডিওএইচএস এর বাসার পেছন থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধারের এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কাফরুল থানার এসআই হাসিব জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসায় কাজ করতেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আকরাম খান সহ অন্যান্যরা রয়েছেন।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।
রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য কাজ করছিল পুলিশ।