২০০৩ সালের যে দিনটিতে বাংলাদেশের হয়ে টেস্টে ইতিহাস গড়েছিলেন, সেই দিনেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলক কাপালি। পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে ২৯ আগস্টেই টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিকের নজির গড়েছিলেন তিনি।
সিলেটের এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও চালিয়ে যাবেন সীমিত ফরম্যাটের ক্রিকেট। সোমবার ফেসবুকের এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি। গত মৌসুমে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন।
ফেসবুক বার্তায় অলক জানান, তরুণদের সুযোগ করে দিতে ও পারিবারিক কারণে তার এমন সিদ্ধান্ত, ‘আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশী সময় দেওয়ার লক্ষ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেটে অংশগ্রহণ করবো।’
কাপালির প্রথম শ্রেণিতে অভিষেক ২০০১ সালে। পরের বছরই জাতীয় দলে জায়গা করে নেন। খেলেছেন ১৭টি টেস্ট। দুই হাফসেঞ্চুরিতে করেছেন ৫৮৪ রান। উইকেট নিয়েছেন ৬টি। ১৭২ ম্যাচে অলকের সংগ্রহ ৯ হাজার ১৩৮ রান। ২০টি সেঞ্চুরি ছাড়া আছে ৩৭টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২২৮। এছাড়া বল হাতে নিয়েছেন ২২৭টি।