বৃহস্পতিবার মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এদিন দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বছর বয়সে তার মৃত্যু হয়। তার আগে দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটিশ সিংহাসনের রানি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এদিকে, মায়ের মৃত্যু পর রানির বড় ছেলে চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হয়েছেন। বর্তমানে তার বয়স ৭৩ বছর।
নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস শুক্রবার ভাষণ দেবেন। রাজা হিসেবে এটা হবে তার প্রথম ভাষণ।
মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ৭০ বছর রাজকার্য পরিচালনা করে অনন্য ইতিহাস গড়েন।
চার্লস এখন স্কটল্যান্ডের বালমোরাল থেকে লন্ডনে ফিরবেন। তার ভাষণটি রেকর্ড করে প্রচার করা হবে।
চার্লসের ভাষণে কী কী থাকছে, তার বিশদ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি রাজপ্রাসাদ।
রানির শেষকৃত্য আয়োজন ও রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ্রহণের জন্য ১০ দিনের যে পূর্বপরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবেই ভাষণ দেবেন চার্লস।
নতুন রাজা চার্লস শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সাক্ষাৎ দেবেন। তার সঙ্গে প্রথম দর্শনার্থীদের সামনে আসবেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে মঙ্গলবার নিয়োগ দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রধানমন্ত্রী নিয়োগের মাত্র ৪৮ ঘণ্টা পর রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান হয়।
সিংহাসনে আরোহণ ও মায়ের শেষকৃত্যের বিস্তারিত আয়োজনের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও সাক্ষাৎ দেবেন চার্লস।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাজপরিবারে কত দিন ধরে শোক পালন করা হবে, তা নির্ধারণ করবেন নতুন রাজা। এই সময়কাল এক মাস হতে পারে। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার ১০ দিনের আনুষ্ঠানিক শ্রদ্ধা কর্মসূচি পালন করবে।
১০ দিন পর লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। আগামী ১০ দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে।
শুক্রবার মধ্য দুপুরে ওয়েস্টমিনস্টার অ্যাবে ও সেন্ট পলস ক্যাথেড্রালে ঘণ্টা বাজানো হবে। হাইড পার্ক ও টাওয়ার হিলে আনুষ্ঠানিক কামান দাগিয়ে সম্মান জানানো হবে। সূত্র: রয়টার্স