সম্প্রতি ইউক্রেনীয় কর্তৃপক্ষ রুশ বাহিনীর দখলদারিত্ব থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইজিয়াম পুনরুদ্ধার করেছে। এর কিছুদিন পর শহরটির কাছের জঙ্গলে একটি গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে তার ভাষণে জানিয়েছেন, ইজিয়াম শহরে প্রায় ৪৪০ মরদেহের একটি সমাধিস্থল পাওয়া গেছে।
খারকিভ অঞ্চলের প্রধান পুলিশ তদন্তকারী সেরহি বলভিনভের বরাত দিয়ে যুক্তরাজ্যের স্কাই নিউজ জানিয়েছে, এটি পুনরুদ্ধার করা শহরগুলোর মধ্যে খুঁজে পাওয়া বড় একটি গণকবর। একসঙ্গে ৪৪০ জনকে কবর দেওয়া হয়েছে এখানে। নিহতদের মধ্যে কয়েকজন গোলা বা বিমান হামলায় নিহত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ইজিয়ামে পরিদর্শন করার পর জেলেনস্কি জানান, ইতোমধ্যে ইজিয়ামে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। আরও যাচাইযোগ্য স্পষ্ট তথ্য আগামীকাল পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি অনুসারে, সাইটটিতে ভ্রমণ করা সাংবাদিকরা গাছের মধ্যে সাধারণ কাঠের ক্রস দিয়ে চিহ্নিত শত শত কবর দেখেছেন।
অন্যদিকে ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া রাশিয়ার কাছ থেকে এই সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।