২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপট দেখিয়ে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্বের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে সেই দাপট ধরে রেখে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টাইগ্রেসরা। সেই সঙ্গে নিশ্চিত হয় বিশ্বকাপের মূল পর্বে খেলার। কেননা বাছাইপর্বের দুই ফাইনালিস্ট যে খেলবে মূলপর্বে।
মূলপর্বের টিকিট নিশ্চিত হওয়ার পর টাইগ্রেসদের এবারের লক্ষ্য আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া। থাইল্যান্ডের বিপক্ষে জয়ী ম্যাচের পর টাইগ্রেস অধিনায়ক জানান, দল হিসেবে নিজেরা কতটা উন্নতি করেছেন সেটা পুরো বিশ্বকে দেখাতে চান।
নিগার সুলতানা বলেন, আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।
প্রথম তিন ম্যাচে দাপট দেখালেও থাইল্যান্ডের বিপক্ষে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১৩ রানের পুঁজি পায় তারা। তবে শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচ নিজেদের করে নেয় নিগার সুলতানার দল।
তবে এদিন ব্যাটিং ভালো না হলেও তাদের জয়ের বিশ্বাস ছিল উল্লেখ করে নিগার সুলতানা বলেন, পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, এখন অবশ্যই আমাদের নজর চ্যাম্পিয়নশিপের দিকে। আশা করি আমরা ফাইনালে আমাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরব।