চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নেজাম নামে এক প্রবাসীর বাড়ি থেকে এসব তেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে তিন ট্রাক টিসিবির তেল ময়মনসিংহ নেওয়ার পথে এক ট্রাক টিসিবির তেল চুরি হয়। পরে টিসিবির ডিলার থানায় মামলা করলে তদন্ত করে ফটিকছড়িতে তেলগুলোর সন্ধান পাওয়া যায়।
মামলার বাদী আরিফ জানান, ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল তেলবোঝাই তিনটি গাড়ি। তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌঁছানোয় বিভিন্নভাবে খোঁজ নেন। হদিস না পেয়ে তিন দিন পর থানায় মামলা করেন। কন্টেইনার গাড়ির সহকারী নেজামের দেয়া তথ্যমতে পুলিশ ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পাকা ভবনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা।
এ বিষয়ে ভবন মালিক নেজামের বড় বোন জানান , তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২-৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষণ করে। তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেন না বলে জানান।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জব্দ তেলগুলো টিসিবির পণ্য হিসেবে কন্টেইনারে করে নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল। তেলবোঝাই তিনটি গাড়ির মধ্যে দুটি গাড়ি পরদিন গন্তব্যে পৌঁছলেও একটি গাড়ি ফটিকছড়ির কাঞ্চননগরে চলে আসে। পরে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।