রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে উপস্থিত হয়েছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন।
এর আগে নির্ধারিত সময়ের আগেই দুপুর সাড়ে ১২টার দিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু।
মাঠ কানায় কানায় ভরে ওঠায় রাস্তাতেও দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গা থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। শহরের প্রধান সড়ক ডিসির মোড় থেকে সিটি বাজার, সরকারি কলেজ রোড থেকে রাধা বল্লভ, ডিসির মোড় থেকে আরডিআরএস মোড় পর্যন্ত নেতাকর্মীরে ভরে গেছে।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনার পর রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশের ডাক দেওয়া হয়।
গণসমাবেশের দুদিন আগে বৃহস্পতিবার পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক সমিতি। গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট।
ধর্মঘটের কারণে বৃহস্পতিবার বিকেল থেকেই রংপুরের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। কেউ অটোরিকশায়, কেউ সাইকেলে, কেউ গরুর গাড়িতে, কেউ ট্রেনে, অনেকে আবার হেঁটেই রংপুরের উদ্দেশে রওনা দেন। শুক্রবার রাত হাজারো নেতাকর্মী সমাবেশস্থলেই কাটান।