নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ হয়ে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর এক কিশোরের মৃত্যু হয়েছে৷ তাকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিসুর রহমান মোল্লা৷
নিহতের নাম রেদোয়ান আহমেদ রাজু (১৪)৷ নগরীর দেওভোগ পাক্কা রোডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে রাজু একটি হোসিয়ারি কারখানায় কাজ করতো৷ এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহতের মা লিপি বেগম (৩৪)৷ তিনি পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকার মৃত লতিফের মেয়ে৷
পুলিশ জানায়, রোববার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় ১৪ বছর বয়সী রাজু দগ্ধ হন৷ ১৮ নভেম্বর দুপুর সাড়ে তিনটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
সদর মডেল থানার ওসি আনিসুর রহমান মোল্লা বলেন, নিহতের পিতা বাদী হয়ে শনিবার (১৯ নভেম্বর) রাতে মা লিপি বেগমের বিরুদ্ধে ছেলেকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে মামলা করেছেন৷ এ মামলায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
মামলার বাদী ও নিহতের পিতা আনোয়ার হোসেন বলেন, চার বছর আগে তাদের ডিভোর্স হওয়ার পর লিপি দুই ছেলেকে নিয়ে বেপারীপাড়া ভাড়াবাসায় থাকতেন৷ এলাকাবাসীর মাধ্যমে শুনছি, আমার ছেলের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে লিপি৷ ছেলের শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল৷ কিন্তু কেন সে এমন কাজ করলো তা বুঝতে পারতেছি না৷ রাজু মারা যাওয়ার খবর পেয়ে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে এলাকাবাসীই তার মাকে পুলিশে ধরিয়ে দেয়৷
আনোয়ার আরও জানান, গত ১৩ নভেম্বর আনুমানিক রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী তার ছোট ছেলে রাজুকে অগ্নিদগ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়৷ পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সাড়ে তিনটার দিকে রাজুর মৃত্যু হয়৷
নিহতের স্বজনরা জানান, দেওভোগ এলাকার একটি হোসিয়ারি কারখানায় চাকরি করতো রেদোয়ান আহমেদ রাজু৷ তার ভাই মো: রাইয়ানও (১৮) হোসিয়ারি কারখানায় চাকরি করে৷ তাদের মা লিপি বেগম একটি অ্যামব্রডায়েরি কারখানায় চাকরি করতেন৷
নিহতের বড়ভাই মো: রাইয়ান বলেন, ঘটনার রাতে এলাকার মাঠে ব্যাডমিন্টন খেলতেছিলাম৷ আগুনে পোড়ার খবর পেয়ে ঘরে গিয়ে কাউকে না পেয়ে হাসপাতালে যাই৷ এই ঘটনার পর থেকে মা কারও সাথে কথা বলেন নাই৷ কী হয়েছে, কেন হয়েছে কিছুই আমরা জানতে পারি নাই৷
এদিকে গ্রেপ্তার লিপি বেগমের বোন ও নিহতের খালা মিনু বেগমের দাবি, কারখানার চাকরি চলে যাওয়ায় মা বকাঝকা করায় রাজু আত্মহত্যার উদ্দেশ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।
বেপারীপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মো. ইরান বলেন, সকলেই বলতেছেন, ছেলেকে আগুন দিয়ে পুড়িয়েছেন মা৷ কিন্তু কেউই স্বচক্ষে দেখেন নাই৷