গাইবান্ধায় বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী, ড্রাইভারসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে একজন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী শানে খোদা পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজির যাত্রী শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া নামক এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।
পরে হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক নুর ইসলাম মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পড়ে থাকা তিন যাত্রীর মরদেহ পলাশবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় একজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন, আমরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছি। মৃতদেহ পুলিশকে হস্তান্তর করে আহতদের হাসপাতালে পাঠিয়েছি।