সিলেটের জৈন্তাপুরে ভারতীয় নাগরিকের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তার বাবার নাম মছদ্দর আলী। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের বাসিন্দা।
ভারতের সীমান্ত এলাকার পাহাড়ের বাসিন্দা খাসিয়া সম্প্রদায়ের লোকজন সুপারি চাষ করে থাকেন। এসব সুপারি সংগ্রহে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে থাকে বলে জানা যায়।
চোর সন্দেহ করলে বা কথা কাটাকাটি থেকে ভারতীয় খাসিয়ারা অনুপ্রবেশকারীদের দিকে গুলি ছুঁড়ে থাকেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ভারতে অনুপ্রবেশ করলেও ভারতের নাগরিকের হাতে বাংলাদেশির প্রাণহানির খবর প্রায়ই পাওয়া যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এ সময় ভারতের খাসিয়াদের একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।