চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপনডেন্ট আবু আজাদকে পিস্তল ঠেকিয়ে জিম্মি ও মারধরের ঘটনায় মামলা করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া মডেল থানায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে মামলা করেন।
মামলায় ইটভাটা মালিক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ চারজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, সাংবাদিক আবু আজাদের ওপর হামলার বিষয়ে লিখিত এজাহার পেয়ে মামলা রেকর্ড করেছি। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এর আগে রোববার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনসহ পাঁচ থেকে ছয়জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে ওই সাংবাদিককে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা পেটান ইউপি মেম্বার মোহন। এরপর মোহন তার কার্যালয়ে সাংবাদিক আবু আজাদকে বেঁধে রেখে নির্যাতন করেন।
অন্যদিকে, সাংবাদিক আবু আজাদের ওপর হামলার ঘটনাটি নজরে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের। ঘটনাটি চট্টগ্রাম জেলা প্রশাসককে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিন কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক নির্যাতনের এ ধরনের ঘটনা যেমন উদ্বেগজনক তেমনি স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অবৈধ ইটভাটা প্রকৃতির জন্য মারাত্মক হুমকির। বিষয়টির সার্বিক অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে কমিশনে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে বলা হয়েছে।