বিয়ের ৪ বছর পর নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীন। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে পোস্টের পর তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। আর এবার বিচ্ছেদের দুই বছর পর খবরটি দিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে বিয়ে, সংসার এবং ডিভোর্স- এসব নিয়েই মম ও শিহাবের কেন এত লুকোচুরি! নেটিজেনদের মাঝেও বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন, বিয়ে হচ্ছে শুভ কাজ। সেটা তারা জানিয়েছিলেন ৪ বছর পর! আর এবার বিচ্ছেদের খবর নিয়েও এমন লুকোচুরি কেন হলো তা বোধগম্য নয়। এদিকে বিচ্ছেদ প্রসঙ্গে মম বলেন, শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছে। আর এটা হয়েছে আরও দুই বছর আগে। বিষয়টি কাছের অনেকে জানেন।
তবে বাকিরা জানেন না তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। অথচ আমরা সংসারই করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভনিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ২০শে নভেম্বর ফেসবুকে তারা নিজেরা জানান তাদের বিয়ের খবর। নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছা জানান তারা। প্রকাশ্যে আসার পর এক বছরও তাদের সংসার জীবন স্থায়ী হয়নি। শিহাব শাহীন জানিয়েছিলেন, প্রেমের সম্পর্ক শেষে ২০১৫ সালের ২০শে নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন তারা। ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়ে শোবিজে পথচলা শুরু করেন মম। তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।