রাজধানীতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় সেই নারী বিসিএস ক্যাডার থানায় অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মিরপুর মডেল থানায় তিনি অভিযোগ করেন।
এর আগে, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ৬০ ফিট সড়কের কলাপাতা রেস্টুরেন্টের সামনে ওই নারীকে এক যুবক লাঞ্ছিত করে তার পেটে লাথি দিয়ে পালিয়ে যান।
ঘটনার বিষয়ে ওই নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকদিন পরে এক বান্ধবীর সাথে দেখা হয়। আমরা দুজনই বিসিএস ক্যাডার। মিরপুরের ৬০ ফিট সড়কের একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিলাম। একটা সময় আমার বাসার জরুরি কাজের কথা মনে পরে। তাই দ্রুত বাসায় যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে সিএনজি ঠিক করছিলাম। এমন সময় সিএনজির পেছনে এসে একটি মোটরসাইকেল এসে দাঁড়ায়।
তিনি বলেন, ওই মোটরসাইকেলের চালক (যুবক) আমাদের অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। সেসময় আমি তাকে ভালোভাবে কথা বলতে বলি। তিনি আমার ওপর চড়াও হন। অকথ্য ভাষায় গালাগাল করেন। আমি মোবাইলে তার ছবি তুলতে যাই। তখন তিনি মোটরসাইকেল থেকে নেমে আমাকে হেলমেট দিয়ে মারতে আসেন। তিনি আমাকে লাথি মারেন।
থানায় অভিযোগ দায়েরের বিষয়ে ওই নারী বলেন, বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানায় আমি অভিযোগ করেছি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। অপরাধীর শাস্তি দাবি করছি।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়ে গেছেন। কিন্তু ঘটনাস্থল মিরপুর মডেল থানা এলাকায় পড়েনি, পড়েছে শেরেবাংলা নগর থানায় এলাকায়। তবুও ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। মিরপুর মডেল থানা এলাকা ৬০ ফিট ভাঙ্গা ব্রিজ পর্যন্ত। এরপরের এলাকাগুলো পড়েছে শেরেবাংলা নগর থানায়। ভুক্তভোগী একটি ছবি ও মোটরসাইকেলের নম্বর আমার কাছে দিয়ে গেছেন।
# বাংলানিউজ