মাগুরায় মৃত মুরগি জবাই করে বিক্রির সময় প্রশাসনের হাতে ধরা পড়েছেন ব্যবসায়ী। বুধবার (৪ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।
মাগুরা পৌরসভার কসাই খানার পরিদর্শক রিয়াজ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন শহরের পুরাতন বাজারে রফিকুল ইসলাম মৃত মুরগি বিক্রি করছেন। এসময় তিনি ও পৌরসভার স্যানেটারি ইন্সেপেক্টর কামরুজ্জামান ঘটনা স্থলে গিয়ে দেখতে পান রফিকুল ইসলাম মরা মুরগি জবাই করছেন। এ সময় তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবিহিত করেন।
মাগুরা পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান বলেন, পৌরসভার পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি। বেশ কিছু ধরে রফিকুল ইসলাম নামে মুরগি ব্যবসায়ী জেলার বাইরে থেকে মরা মুরগি ক্রয় করে বিভিন্ন হোটেলে বিক্রি করে আসছিল, এমন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযানে ঘটনার সত্যতা মেলে। এসময় তিনি জেলা প্রশাসনের কার্যালয়ের ম্যাজিস্ট্রেটকে খবর দেন। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার আগেই অভিযুক্ত ব্যবসায়ী পালিয়ে যান। তবে তার ছেলে মো. রেজাউল ইসলামকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসনের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট অভিদাস শিকদার বলেন, ৪০০ কেজির বেশি মৃত মুরগি জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম পালিয়ে গেছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।