পুলিশি হেফাজতে নির্যাতনে নিহত হওয়ার প্রতিবাদে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মৃতের স্বজন ও স্থানীয় অধিবাসীরা।
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগরা বাইপাস এলাকায় বুধবার (১৮ই জানুয়ারি) সকাল ১০টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
পুলিশের হেফাজতে নিহত রবিউল ইসলাম (৪০) গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতার ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে গাজীপুরের বাসন থানার পুলিশ। পরদিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউলকে থানায় আটকে রাখে। মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে ও ঘুষ দাবি করে। পরে পরিবার জানতে পারে রবিউল মারা গেছেন।
বুধবার (১৮ই জানুয়ারি) সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাঠি নিয়ে প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালায়।
তবে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, পুলিশ হেফাজতে কিংবা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়নি।
তিনি দাবি করেন, রবিউলের স্বজনরা থানা থেকে জিম্মায় তাকে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।