রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মোক্তার হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু শিমুল জানান, মোক্তার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। বুধবার রাতে অফিস শেষ করে বাসায় ফেরার পথে মহাখালী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোক্তার হোসেন শেরপুর সদর উপজেলার পাঞ্জুরডাঙ্গা গ্রামের চাঁন মিয়ার সন্তান। কর্মসূত্রে রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।