দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে হাফিজুর রহমান শুভ (৩০) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ঘাটপার পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
হাফিজুর রহমান শুভ নীলফামারী জেলার সদর উপজেলার পঞ্চপুকুর ঝাড়পাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দুজন ব্যক্তি সকাল থেকে লাইন ঠিক করছিলেন। কাজ শেষে হওয়ার একটু আগেই দেখি বিদ্যুৎ আসে। আমরা তাদের বলি যে বিদ্যুৎ এসেছে। তারা বলেন যে কোনো সমস্যা নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখি একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। ভাগ্য পরিক্রমে রফিকুল ইসলাম নামে অপরজন বেঁচে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম সাইফুল ইসলাম বলেন, বিদ্যুতের লাইনম্যানের মৃত্যুর ঘটনায় কেউ দোষী কিনা সেটি জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। সুষ্ঠু তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, প্রাথমিকভাবে সুরতাহাল করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।