প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘আপনারা বিগত দিনে ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের কাছে আসতে পারি।
এটা তো প্রমাণিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকেন। আসন্ন নির্বাচনে এ এলাকার উন্নয়নের জন্য আপনাদের কাছে আবারো নৌকা মার্কায় ভোট চাই। আপানারা নৌকা মার্কায় ভোট দিলেই শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।’
সোমবার বিকালে দৌলতপুর উপজেলার বাচামারা উচ্চ বিদ্যালয় মাঠে সাত শতাধিক মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা চরের অবস্থা আপনারা আগেও দেখেছেন। এখানকার মূল সমস্যা নদী ভাঙন। অনেক ঘর বাড়ি, কৃষি জমি, স্কুল, মাদ্রাসা নদীগর্ভে চলে গেছে।
আমরা এই চরের জন্য অস্থায়ীভাবে অনেক কাজ করেছি যার জন্য চরের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। বাচামারা, চরকাটারি চরের জন্য আমরা স্থায়ী সমাধানের জন্য একটা বড় প্রকল্প হাতে নিয়েছি। কিন্তু এবারের বর্ষার জন্য কিছু অস্থায়ী কাজ করতে হবে। সেটার জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদনও দেওয়া হয়েছে। ঈদের পর যত দ্রুত সম্ভব এই অস্থায়ী কাজ শুরু হবে।
অনুষ্ঠানে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, বাচামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিনুর ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় শিবালয় উপজেলার আলোকদিয়া চরে আরও পাঁচ শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন।