রাজধানীর গাবতলী মোড় এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মাসুদ মিয়া (৪০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা পথচারী মো. ইসমাইল জানান, মাসুদ রিকশা চালিয়ে গাবতলী মোড় এলাকায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।