দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় থ্রি-হুইলারের চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও সন্তান রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুর বাজারের পাশে শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর গ্রামের উত্তম কুমার (৩৫), তার স্ত্রী পল্লবী রানী (৩২), সন্তান অর্ণব (৯) ও ভাতিজা অপূর্ব (১২)।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। অপরদিকে নবাবগঞ্জ থেকে একটি থ্রি হুইলার দিনাজপুর আসছিল। সকাল সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার উচিতপুর বাজারের কাছে শিবপুর এলাকায় যাত্রীবাহী বাসটি থ্রি-হুইলারটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় থ্রি-হুইলারটি। ঘটনাস্থলে নিহত হয় শিশু অর্ণব ও অপূর্ব। আহত চারজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন মারা যান উত্তম কুমার ও তার স্ত্রী পল্লবী রানী।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।