ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের দশদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরে আলম (৩২) উপজেলার আইয়ূবপুর গ্রামের জিলানীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রনি দাস (২৪)।
বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ওসি মো. নূরে আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নূরে আলম। বাড়ি ফেরার পথে পথিমধ্যেই উপজেলার দশদোনা এলাকায় মোটরসাইকেল চালক নূরে আলম নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রনিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নূরে আলম মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় আহত রনি মারা যান।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।