রানপাহাড়ে চাপা পড়ে ব্যাট করছে আফগানিস্তান। বাংলাদেশের বোলাররা আফগান ব্যাটারদের চেপে ধরেছে।
শরিফুলের পর আঘাত হেনেছেন তাসকিন। প্রথম দুই ওভারে উইকেট হারিয়ে বিপাকে আফগানরা।
প্রথম ইনিংসে কিছুটা খরুচে বোলিং করেন তাসকিন আহমেদ, থাকেন উইকেটশূন্য। তবে দ্বিতীয়বারে প্রথম ওভারেই পেলেন উইকেটের দেখা। ড্রেসিং রুমে ফেরত পাঠালেন আব্দুল মালিককে।
তাসকিনের অফ স্টাম্পের বাইরে গুড লেংথের ডেলিভারি কভার ড্রাইভের চেষ্টা করেন মালিক। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৫ রান করে ফেরেন আফগান ওপেনার।
এর আগে প্রথম বলেই উইকেট হারিয়ে বসেছে আফগানিস্তান। শরীফুল ইসলামের ফুললেংথের বল মিস করে যান ইব্রাহিম জাদরান। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত জানিয়ে দেন। আম্পায়ার ক্রিস ব্রাউনের এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেছিলেন। তবে সেটি কাজে আসেনি।
এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তান ২৭ রানে ব্যাট করছে। ৮ম ওভারের খেলা চলছে।
সফরের একমাত্র টেস্টে জিততে হলে রেকর্ডই গড়তে হবে আফগানিস্তানকে। মিরপুরে চতুর্থ ইনিংসে সফল তাড়ার সর্বোচ্চ ইনিংস ২০৯ রানের, যা ২০১০ সালে ইংল্যান্ড খেলেছিল।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৪ উইকেটে ৪২৫ রানে। এর আগে প্রথম ইনিংসের ২৩৬ রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৬৬১ রানে। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ৬৬২ রান। লিটন ৮১ বলে ৬৬ ও মুমিনুল ১৪৫ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন।
টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য এটি। এর আগে ২০২১ সালে হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুইয়ানদের ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।