মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাইক্রোবাসচাপায় পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. মোতালেব, অপর নিহতের নাম জানা যায়নি। গুরুতর আহত ২ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকা থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিলো মাইক্রোবাসটি। সকালে পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে পদ্মা সেতু উত্তর থানার মোড়ে দ্রুত গতির মাইক্রোটি ৪ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের নারী মারা যান। আহত অবস্থায় ৩ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে সেখানে মারা যান পুলিশ সদস্য মোতালেব।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে মাইক্রো চালক পালিয়ে গেছে।