ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে জলাশয়ে জালের বাঁধ দেওয়া ও নদীতে নৌকায় উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে দু’জনকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সদর উপজেলার সীতানগর ও তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, সদর উপজেলার সীতানগর এলাকায় জলাশয়ে জাল দিয়ে বাঁধা সৃষ্টি করে রেখেছিলেন গৌর সাহা নামে এক ব্যক্তি। এতে সাধারণ জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনায় হয়। এ অবস্থায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে গৌর সাহার অধীনে সেখানে কাজ করা কিলন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিলন মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জলাশয়টি অবমুক্ত করা হয়।
তিনি আরো জানান, কোরবানির ঈদের পর থেকে তিতাস নদীতে নৌকায় যুবকরা উচ্চ শব্দে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে আসছিলেন। এমন অভিযোগে দুপুরে তিতাস নদীতে অভিযান পরিচালনা করে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড বক্স বাজানোর দায়ে একটি নৌকাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাউন্ড বক্সসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।
এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান ও সদর থানা পুলিশ উপস্থিত ছিল।