মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা হচ্ছেন মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিল। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত শাকিল মোল্লাকান্দি ইউনিয়নের মো. হাবিবুরের ছেলে। তারা শহরের ২ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক ভবনের ভাড়াটিয়া।
ভুক্তভোগী কিশোরী জানান, তার মা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়ায় প্রায়ই হাসপাতালে যাওয়া-আসা ছিল তার। মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে হাসপাতালে অবস্থান করছিলেন তিনি। একই সময় ৪-৫ জন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে এলে প্রয়োজনের কথা বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন শাকিল। এতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় শাকিল নামে একজনকে আসামি করে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।