আওয়ামী লীগের সঙ্গে রাজপথে ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার জিয়া পরিষদ আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও প্রশাসনিক বিভাগ আজ একাকার হয়ে গেছে। আওয়ামী দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে একনায়ক স্বৈরাচার হাসিনাকে রক্ষাকবজ হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। তারেক রহমান ও জোবায়দা রহমান যেন নির্বাচনে দাঁড়াতে না পারে এজন্য সরকার রায়ের মাধ্যমে তাদের অযোগ্য ঘোষণা করার পায়তারা করছে।
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, চ্যালেঞ্জ করে বলছি- এক জাইমা রহমানের সঙ্গে নির্বাচন করলে শেখ হাসিনার জামানত বাজেয়াপ্ত হবে।
তিনি আরও বলেন, কিসের বিচার বিভাগ! যে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় গাড়ির মধ্যে প্রতিষ্ঠানের স্টিকার লাগানো যাবে না- অথচ ম্যাজিস্ট্রেট, বিচারপতি, পুলিশ প্রশাসনের গাড়িতে তারা তাদের স্টিকার লাগান। যারা আইন ঘোষণা দেন নিজেরাই আইন মানেন না। আমাদের কী দায় পড়েছে মানার? আমরা এটা মানি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে যুবদলের সাবেক এ সভাপতি বলেন, এই সরকার দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে মানুষের দম বন্ধ হয়ে আসছে। মানুষ একটি নিরাপদ জায়গায় খুঁজছে। এ সরকারের সঙ্গে কোনো আপস নেই। এদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই হচ্ছে ন্যায়সঙ্গত কাজ। এদের বিদায় করে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, আমাদের শপথ করতে হবে।
জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়েদ ইসলাম, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ।