বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং ফ্যাসিবাদী সরকারের পতন এখন একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া সবসময় ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে ছিলেন এবং জনগণের জন্য কাজ করে গেছেন। তার ওপর এত অত্যাচার অবিচার করা হচ্ছে, তার ছেলের ওপর অত্যাচার অবিচার করা হচ্ছে- তারপরও তিনি ন্যায়ের পথ থেকে সরে আসেননি। জনগণের কাছে যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা থেকে সরে আসেননি।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে গুলশানে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর এত অত্যাচার, জুলুম, খুন, গুম- তারপরেও তারা যদি সুযোগ পায় বিএনপির সমাবেশে আসেন। সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়। বেগম খালেদা জিয়াকে সাড়ে পাঁচ বছর বন্দি রেখে তাকে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, শেখ হাসিনাকে যারা মেনে চলবে তারা হবে তার সৈনিক। আর যারা ভিন্নমতের তাদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের কোন কথা বলার অধিকার থাকবে না। আর যদি কথা বলে তাহলে তাদের জায়গা হবে জেলখানায়।
রুহুল কবির রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়ার ওপর এত অত্যাচার জুলুম করেও তাকে নতজানু করতে পারেনি।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।