গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারী কর্মকর্তা পরিচয়ে ভাতা দেয়ার কথা বলে উৎকোচ চাওয়ার দায়ে মো. জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো: জহুরুল ইসলাম নাটোর জেলার সিংগা উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, জহুরুল ইসলাম সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার দিগনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা করে দেয়ার কথা বলে সুবিধাভোগীদের কাছে অর্থ দাবী করেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসে।
তিনি আরো জানান, বিষয়টি এলাকাবাসীদের জানালে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে জহুরুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মো: জহুরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।