ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নুরু মিয়া নামে একজন আহত হয়েছেন।
রোববার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
জাকির হোসেন জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া এলাকায় ঢাকাগামী এক ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এক পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক জাকির নিহত হন। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা নূরু মিয়া নামে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, পিকআপভ্যান ও ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।