চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকারসহ একটি গরু জব্দ করেছে পুলিশ। গরুটি ওই প্রাইভেটকারে পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত গরু ও প্রাইভেটকারের মালিকের খোঁজ পাওয়া যায়নি।
বুধবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ তালবাড়িয়া এলাকা থেকে প্রাইভেটকারসহ গরুটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, ভোরের দিকে থানাপুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান হিসেবে মহাসড়কে গাড়ি তল্লাশি করছিল। এসময় একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ ০৫-০১০৪) পুলিশ দেখে চেকপোস্ট থেকে একটু আগে থেমে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ৫-৬ জন দৌড়ে পালিয়ে যান। আরোহীদের পালিয়ে যাওয়ার কারণ জানতে গিয়ে পুলিশ প্রাইভেটকারের কাছে গিয়ে দেখে গাড়ির পেছনের সিটে একটি গরুর বাছুর বেঁধে রাখা। পরে প্রাইভেটকার ও বাছুরটি জব্দ করে পুলিশ।
এ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও গরুর বাছুর ও প্রাইভেটকারের মালিকানা দাবি করে মিরসরাই থানায় কেউ যোগাযোগ করেননি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গরু চোর সিন্ডিকেটটি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, গরুটি যথাসম্ভব ফেনীর ছাগলনাইয়া কিংবা মুহুরীগঞ্জ এলাকার হতে পারে। আমরা সংশ্লিষ্ট থানায় বার্তা পাঠিয়েছি। উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে মালিকের কাছে গরুটি হস্তান্তর করা হবে।