আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি সমাবেশের ঘোষণার মাধ্যমে নেতাকর্মীদের আবারও মিথ্যা আশ্বাস দিচ্ছে। গত ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও জনগণ তাদের অশ্বডিম্ব দেবে। সেদিন আমাদেরও কর্মসূচি আছে। বায়তুল মোকাররমে আওয়ামী লীগের কর্মসূচিতে জনতার ঢল নামবে।
শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে রাজধানীবাসী উৎসব করবে। সেদিন স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। সেই উৎসবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে দাওয়াত। তারা কোনোদিন মেগা প্রকল্প করতে পারেনি। তাই এ মহাযাত্রার আনন্দও বুঝবে না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে ঘিরে একটি অশুভ শক্তি অস্থিরতার ডাক দিচ্ছে। এ কারণে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এসব অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। অতীতের অশুভ ঘটনাগুলো দেশবাসীকে কষ্ট দিয়েছে। আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি চাই না।