রাজশাহীতে বিএনপি-জামায়াতের হরতাল সমর্থকদের দেওয়া আগুনে একটি প্রাইভেটকার পুড়েছে। তবে কেউ হতাহত হননি।
রোববার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্য মো. রিপন পরিবার নিয়ে ভাড়ায় প্রাইভেটকারে এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। রাজশাহী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এলাকায় পৌঁছালে বাধা দেন হরতাল সমর্থকরা।
এ সময় তারা রিপনসহ অন্যদের গাড়ি থেকে নামিয়ে পেটাতে থাকেন। হঠাৎ একটি বিকট শব্দে গাড়িতে আগুন জ্বলতে থাকে। গাড়িতে আগুন দিয়ে হরতাল সমর্থকরা সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। এ ঘটনায় কেউ আহত নেই। তবে গাড়িতে আগুনে দেওয়ার ঘটনায় বাঘা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।