নির্বাচনী পরিবেশ সৃষ্টি না করে তফশিল ঘোষণা করলে তা জনগণ রুখে দেবে বলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেন, প্রবল সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একতরফা নির্বাচনের তফশিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সংঘাতে নিপতিত হবে। নভেম্বরের মাঝামাঝি তফশিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করলে দলবাজ সিইসিকে রুখে দেবে জনগণ। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা কী হবে তা নির্ধারণ না করে কোনোভাবেই তফশিল ঘোষণা হতে পারে না।
মুফতি ফয়জুল করীম শক্ত ভাষায় বলেন, দেশ ও দেশের মানুষ কোনোভাবেই ব্যর্থ, অকার্যকর ও তামাশার নির্বাচনের দায় নিতে পারবে না। ৫ নভেম্বর দেশের দুটি আসনে (ব্রহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩) উপনির্বাচনে আবারও নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যাপক অনিয়ম, কারচুপি, ব্যালট পেপারে সিল মারাসহ পেশি শক্তির প্রদর্শন করা হয়েছে। এই দলান্ধ কমিশন কীভাবে জাতীয় নির্বাচনের মতো একটি নির্বাচন করতে পারে?
সভায় দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশারফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।