নারায়ণগঞ্জ বন্দরের নয়ামাটি ভাংতি এলাকায় ২য় শ্রেণির এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, নয়ামাটি ভাংতি এলাকার মৃত বাহাউদ্দিনের ছেলে ২ সন্তানের জনক নূরু মিয়া (৩০) বাড়ির পাশেই মুদি ও চা দোকানদারি করেন। তার দোকান থেকে তারই আত্মীয়ের ওই শিশু শিক্ষার্থী বিস্কুট কিনতে এলে তাকে বেশি বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি বাবা-মাকে জানালে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। শিশুর নাজুক অবস্থা দেখে চিকিৎসক জরুরিসেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানায়। জরুরিসেবা থেকে তাদের থানায় যেতে বলে।
পরে শিশুকে নিয়ে থানায় অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হলে নুরু মিয়া পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশু জানায়, আমাকে দামি বিস্কুট দেওয়ার কথা বলে তার ঘরের দরজা বন্ধ করে আমার জামা-কাপড় সব কিছু খুলে কিজানি করে। আমি ব্যথা পাই। এ সময় একথা কাউকে বললে নাকি আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দেয়। তাই আমি ভয়ে কাউকে কিছু বলিনি। শিশুটির মা জানান, ঘটনাটি বেশ কয়েকবার ঘটেছে। সবশেষ বৃহস্পতিবার ঘটে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শিশুকে ধর্ষণের অভিযোগ নেওয়া হয়েছে। ধর্ষককে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।