দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। শুক্রবার (১৭ নভেম্বর) পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তফসিলকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে সমুন্নত রেখে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।
এতে আরও বলা হয়, বাংলাদেশের গণতন্ত্রমনা প্রতিটি রাজনৈতিক দলের উচিত হবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিকশিত করার লক্ষ্যে আত্মনিয়োগ করা।
বিবৃতিতে স্বাক্ষর করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস. এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদা ইয়াসমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।