মাদরীপুর-১ (শিবচর) আসনের নৌকার প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কাজী জাফর উল্লাহ পাকিস্তানি এজেন্ট। এদেশে তিনি রাজনীতি করার কোনো অধিকার রাখেন না। এই পাকিস্তানি এজেন্টরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

বামে ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ এবং ডানে মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
জাফর উল্লাহকে ইঙ্গিত করে নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আমরা ইলেকট্রনিক মিডিয়ার যুগে বাস করি। সব সময় মোবাইল খুলেই দেখি, আমাদের পার্শ্ববর্তী এলাকার হারুউল্লাহ (কাজী জাফর উল্লাহ) নির্বাচনে হারতে; যাকে আমরা ‘হারুউল্লাহ’ বলি। কাজী জাফর উল্লাহ সবসময় নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে কথা বলেন, কুৎসা রটনা করেন।’
নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘তিনিও নৌকার প্রার্থী, আমিও নৌকার প্রার্থী। নৌকার প্রার্থী হিসেবে তিনি আমার পক্ষে কথা বলবেন। কিন্তু তিনি তা না করে উল্টো আমার বিপক্ষে কথা বলছে, যাতে সেতো হারবেই সেই সঙ্গে আমার ভোট নষ্ট করার চেষ্টা করছে। এটা একটা ষড়যন্ত্র। কিন্তু পানি কাটলে কখনো দুই ভাগ হয় না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষেই থাকে।’
এদিন নূর-ই-আলম চৌধুরী চরজানাজাত ও মাদবরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও জনসভা করেন। কর্মসূচিতে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।