শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানুর নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ট্রাক মার্কার এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ছানুয়ার হোসেন ছানু তার বক্তব্যে বলেন, মানুষ পরিবর্তন চাচ্ছে। চারদিকে পরিবর্তনের গণজোয়ার উঠেছে। ট্রাকের গণজোয়ার উঠেছে। আর নৌকার লোকজন এবার ট্রাকে উঠে গেছে। আমি মানুষের কাছে গেলে তারা আমাকে টাকার মালা দেয়, মুড়ি কিনে দেয় চাঁদা তুলে টাকা দেয়। আমাকে এই মানুষের ঋণ শোধ করার তৌফিক দিও আল্লাহ। তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রথমেই শেরপুরের জন্য রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাব। তিনি এসব না দেওয়া পর্যন্ত তার অফিস থেকে আমি বের হয়ে আসব না। আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আশা করি আগামী ৭ তারিখে এ জনগণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে।

এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামসুন্নাহার কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস উদ্দিন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বলেন, আমরা পরিবর্তন চাই। জননেতা ছানুয়ার হোসেন ছানুর হাত ধরে সেই পরিবর্তন ঘটানো হবে। আমরা অনেক নির্যাতিত হয়েছি। আর নির্যাতনের শিকার হতে চাই না। আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে ছানুকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে ঘরে ফিরবো-ইনশাল্লাহ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন, জাসদ ও জাতীয় পার্টির নেতাকর্মী, সদরের বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগণ, পৌর এলাকার বিভিন্ন কাউন্সিলরসহ কয়েক হাজার লোকজন জমায়েত হন।