নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে শাহিন নামে একজনকে আটক করে। একপর্যায়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শনিবার রাত আনুমানিক সোয়া ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম আমাদের সময়কে বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত ফতুল্লা নরসিংপুর একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে শাহিন নামে একজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’