নোয়াখালী সদর উপজেলার দেবীপুরে পল্লী চিকিৎসক আবু ইউসুফ সজিবকে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূর সঙ্গে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি ভিডিওসহ ২টি মোবাইলফোন, ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়ছে।
গ্রেফতাররা হলো-আফনান হোসেন শুভ ও রুহুল আমিন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, পল্লী চিকিৎসক সজিব ৩ জানুয়ারি রাতে তার প্রতিবেশী এক গৃহবধূর ছেলে অসুস্থ হওয়ায় ফার্মেসি বন্ধ করে রাত সাড়ে ১০টায় ওষুধ নিয়ে তার বাড়িতে যান। ওষুধ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে একই এলাকার আফনান হোসেন শুভ, রুহুল আমিন ও মো. সোহেলসহ অজ্ঞাত ৩-৪ জন ওই চিকিৎসককে চাকু দেখিয়ে গৃহবধূর বসত ঘরে নিয়ে মারধর করে।
এরপর হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বক উভয়ের মোবাইলফোনে আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে। একপর্যায়ে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর বিভিন্ন ধাপে এই চিকিৎসকের কাছ থেকে নগদ প্রায় ৪ লাখ ১১ হাজার টাকা ও ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়। পরে এ ঘটনায় ওই চিকিৎসক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে ডিবি অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।