রাজশাহীর বাঘায় মাংসের দাম নিয়ে কথা কাটাকাটির জেরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে কসাই মামুন হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে আড়ানী বাজারে এ ঘটনা ঘটে। মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
মামুন ও অভিযুক্ত খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই।
জানা যায়, শনিবার সকালে মামুন হোসেন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। মামুনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে খোকনের কর্মচারী আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। যৌথমালিকানায় তারা মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেন। শনিবার দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এনিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে খোকন পলাতক রয়েছে।