বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দেশের সাতটি জায়গায় মানবন্ধন, র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ সারাদিনব্যাপি পটুয়াখালির কলাপাড়া, বরগুনার পাথরঘাটা, তালতলী ও বরগুনা সদর উপজেলা, বাগেরহাটের মংলা এবং কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে স্থানীয় পরিবেশগত সমস্যাকে তুলে ধরে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ ৩রা মার্চ সকল জায়গায় বক্তাদের আলোচনায় পাহাড়, বনাঞ্চল কৃষিজমি ও উপকূলের জলাশয় ভরাট করে শিল্পকারখানা নির্মাণ, সোনাদিয়া দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ, সুন্দরবন ও টেংরাগিরি রিজার্ভ ফরেস্ট সংলগ্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কারণে মানুষ ও যানবাহনের যাতায়াত বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, সুপেয় পানির সংকটসহ নানাবিধ বিষয় উঠে আসে।
২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই বাংলাদেশসহ সারা পৃথিবীব্যাপি এই দিবসটি পালন করা হয়। বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের নিরাপত্তা ও সংরক্ষণে এই দিনে পরিবেশ সচেতন ব্যক্তি ও সংগঠন নানান কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন দাবী জানায়।