ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২টার আগে মাইকিং করার দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ জুন) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা করেন।
তারা হলেন- চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ও চেয়ারম্যান প্রার্থী আল জাবের (আনারস প্রতীক) এর ৪ জন সমর্থক।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, আচরণবিধি ভঙ্গ করে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২টার আগে মাইকিং করার দায়ে ওই দুই প্রার্থীর সমর্থকদের জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনাও দেওয়া হয়।