দিনাজপুর: জেলার নবাবগঞ্জে ফুটবল খেলতে গিয়ে মাথায় বলের আঘাতে সামিউল (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শালখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিউল একই এলাকার জয়নালের ছেলে। সে স্থানীয় বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত খেলায় অংশ নিয়েছিল বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার এক পর্যায়ে সামিউলের বুকে সজোরে আঘাত লাগলে মাটিতে লুটিয়ে পড়ে সে। এ সময় শিক্ষকদের সহায়তায় তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।